চেয়ারম্যানের পছন্দে সভাপতি না করায়...
যশোরের কেশবপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একজন শিক্ষককে মারধর ও বিদ্যালয়ের কাগজপত্র তছনছ করার অভিযোগ উঠেছে। পছন্দের লোককে পরিচালনা কমিটির সভাপতি না করায় তিনি এ ঘটনা ঘটান।
উপজেলার ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদায়ী সভাপতি মোছাম্মৎ তহমিনা খাতুন এ বিষয়ে যশোরের জেলা প্রশাসককে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত রোববার দেওয়া ওই অভিযোগ সূত্রে জানা গেছে, ভান্ডারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার দুপুরে এক সভা চলছিল। এ সময় স্থানীয় বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন কমবেশি ১০ জন সহযোগী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। চেয়ারম্যান বলেন, ‘আমি যাকে চাইব, তিনি পরিচালনা কমিটির সভাপতি হবেন।’ এ সময় তিনি মোশারফ হোসেন গাজী নামের একজনকে সভাপতি করার নির্দেশ দেন। সভায় উপস্থিত ব্যক্তিরা সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা বললে ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হন। তিনি বিদ্যালয়ের কাগজপত্র তছনছ করেন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষক সৈয়দা লুবনা খানমের ওপর চড়াও হন। তাঁকে রক্ষা করতে গেলে সহকারী শিক্ষক আবদুল কুদ্দুসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন চেয়ারম্যান। এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে তিনি এলাকা ত্যাগ করেন। পরে কণ্ঠভোটে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন আবুল হোসেন খান।
অভিযোগ অস্বীকার করে আমজাদ হোসেন বলেন, ‘আমি প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়ে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করার প্রস্তাব দিই। সে কথা না শোনায় আমি প্রতিবাদ করেছি।’ তিনি কাউকে লাঞ্ছিত করেননি বলে দাবি করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তহমিনা খাতুন অভিযোগের একটি অনুলিপি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) দিয়েছেন। ইউএনও শরীফ রায়হান কবির বলেন, ‘বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের জন্য দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুবনা খানম বলেন, ‘ওই ঘটনায় আমি অপমানবোধ করছি। একজন চেয়ারম্যানের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করিনি।’