বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদের (টিপু) মোটর শোভাযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও তাঁকে স্বাগত জানিয়ে তৈরি ব্যানার ও গেট ভেঙে ফেলার অভিযোগ উঠেছে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাংসদ পংকজ দেবনাথের সমর্থকদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সুলতান মাহমুদকে স্বাগত জানাতে গতকাল দুপুর ১২টার দিকে তাঁর সমর্থকেরা পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে মুলাদী ফেরিঘাটে যান। সেখান থেকে গাড়িবহর আসার পথে হিজলার কাউরিয়া বন্দর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। এতে প্রায় চার ঘণ্টা সড়কে থাকে গাড়িবহর। ফলে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলতে পারেনি।
সুলতান মাহমুদ অভিযোগ করেন, কাউরিয়া বন্দরের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাঁদের বাধা দেয়। সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় পুলিশ জানায়, ওদিকে সাংসদ পংকজ দেবনাথের সমর্থকেরা সভা ডেকেছেন। তাই সমস্যা হতে পারে।
সুলতান মাহমুদ বলেন, ‘আমি পুলিশকে অনুরোধ জানাই আমরা তো কোনো সমাবেশে যাচ্ছি না। আমি আমার এলাকায় যাব, তাতে বাধা দেবে কেন? কিন্তু পুলিশ কোনো কথা শোনেনি। এমনকি পংকজ দেবনাথের অনুসারীরা আমাকে স্বাগত জানিয়ে করা তোরণ ও ব্যানার ছিঁড়ে ফেলেছে। সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ।’
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান প্রথম আলোকে বলেন, পংকজ দেবনাথের অনুসারীদের সভা চলছে এমন কথা বলা হয়নি। উপজেলা চেয়ারম্যান বিশাল বহর নিয়ে হিজলায় যেতে চাইছিলেন। এত বড় বহর নিয়ে গেলে বিশৃঙ্খলা হতে পারে সে জন্য তাঁদের যেতে বারণ করা হয়েছে। দুই পক্ষই আওয়ামী লীগ করে। বড় ধরনের সংঘাত ঠেকাতে ওই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যানার ছিঁড়ে ফেলার ব্যাপারে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সাংসদ পংকজ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো লোক হিজলায় কাউকে বাধা দিয়েছে এমন কোনো সংবাদ আমার কাছে নেই। এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার পার্টি কিংবা প্রশাসন থেকেও আমাকে কিছু জানানো হয়নি। হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম জড়ানোর চেষ্টা হচ্ছে।’