চেয়ারম্যান-ভাইস য়ারম্যান দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। ওই দিন সভায় হাজিরা খাতায় সই দেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম মৃধার সঙ্গে ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদারের তুমুল বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। এতে উপজেলার চারজন ইউপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পক্ষ নেন।
পরে এ ঘটনায় দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
প্রথমে ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চারজন চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের মাসিক সভার হাজিরা খাতায় সই দিতে বাধা দেওয়া ও সীমাহীন দুর্নীতির অভিযোগ আনেন।
বামনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান বামনা উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি ও রামনা ইউপি চেয়ারম্যান আবদুল খালেক জমাদ্দার।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ডৌয়াতলা ইউপির চেয়ারম্যান মিজানুর রহমানকে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, গভীর নলকূপ বরাদ্দ দেওয়ার নামে ৬৫০ জনের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা করে ৮১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেওয়া, ভুয়া প্রকল্প দেখিয়ে এডিবির টাকা আত্মসাৎ করাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলা হয়।
লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবদুল খালেক জমাদ্দার বলেন, উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে উপজেলা পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। উপজেলার ৬৫০টি গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হলে সেসব নলকূপ বরাদ্দ দেওয়ার জন্য তিনি সাড়ে ১২ হাজার টাকা করে ঘুষ নেন। এসব নলকূপ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানদের কোনো মতামত নেওয়া হয়নি। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণে কারও কোনো মতামত না নিয়ে ইচ্ছেমতো অর্থ ব্যয় করছেন উপজেলা চেয়ারম্যান। এসব প্রকল্প থেকে তিনি লাখো টাকা আত্মসাৎ করেছেন।
এ সংবাদ সম্মেলনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম মৃধা বিকেলে বামনা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন।
এতে উপজেলা চেয়ারম্যান লিখিত বক্তব্যে বলেন, ‘উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার উপজেলা পরিষদের চারটি মাসিক সভা ও বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা ইউপি চেয়ারম্যানরা পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার পরিষদের মাসিক সভা শেষ হলে তাঁরা সভাকক্ষে আসেন এবং সভায় উপস্থিতির (হাজিরা) খাতায় সই করার চেষ্টা করেন। এতে আমি বাধা দিলে তাঁরা সেখানে হট্টগোল বাধান এবং আমাকে মানসিকভাবে লাঞ্ছিত করে সভাকক্ষ ত্যাগ করেন।’
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘একটি মহলের ইন্ধনে ভাইস চেয়ারম্যান ও চারজন ইউপি চেয়ারম্যান আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন এবং আমি উপজেলা পরিষদের কার্যক্রম যাতে ঠিকভাবে পরিচালনা করতে না পারি, সেই অপচেষ্টা চালাচ্ছেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যান ও চার ইউপি চেয়ারম্যান আমার বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ এনেছেন, তা অমূলক ও শত্রুতাবশত। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং সবই কাল্পনিক ও বানোয়াট।’
নাম প্রকাশ না করার শর্তে বামনা উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। এর জের ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান ও চারজন ইউপি চেয়ারম্যান সাংসদের পক্ষে অবস্থান নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘আমি বামনায় যোগদানের পর ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা গত দুটি সভায় অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের সভা শেষ হওয়ার ৮-১০ মিনিট আগে তাঁরা সভায় উপস্থিত হন। পরে হাজিরা খাতায় সই দেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ উত্তপ্ত বাক্যবিনিময় করেন। একপর্যায়ে ভাইস চেয়ারম্যান ও চার ইউপি চেয়ারম্যান সভা বর্জন করে চলে যান।’