চ্যালেঞ্জে পড়ে প্রধানমন্ত্রী উচ্চ আদালতের প্রতি ক্ষুব্ধ: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সব বিভাগের ওপর প্রভুত্ব করতে চান। এই প্রভুত্বে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে এখন তিনি সর্বোচ্চ আদালতের প্রতি ক্ষুব্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এ দাবি করেন।

এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, তিনি গণতন্ত্র নিধনে সরকারি কর্মসূচি বাস্তবায়নে আদালতে নিয়মিতভাবে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই অ্যাটর্নি জেনারেল স্বাধীন বিচার বিভাগের প্রতি এক হুমকি।

রিজভী বলেন, এখন যে বিচার বিভাগের স্বাধীনতা নেই, তা প্রধান বিচারপতি বারবার স্পষ্ট করে বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উচ্চ আদালতে যে শুনানি চলছে এবং নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে বারবার উপেক্ষা করে সরকার তার চূড়ান্ত ক্ষমতা সর্বত্র জানান দিয়েছে। সরকারের এই আচরণ স্বৈরতন্ত্রকে পাকাপাকি একটি ভিত্তি দেওয়ার প্রচেষ্টা।

রিজভী দাবি করেন, ‘সরকার অর্থনীতির বারোটা বাজিয়ে দেশের প্রবৃদ্ধি নিয়ে এখন চরম মিথ্যাচার করছে। গতকাল রোববার এনইসি বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী দাবি করেন, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ শতাংশ। অথচ গতকালই বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ৬ দশমিক ৮ শতাংশ। বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চলতি বছরের তুলনায় আগামী বছরে প্রবৃদ্ধি কমবে; যা হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। বাস্তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস থেকেও কম বলে দাবি করেন তিনি। নির্বাচনের প্রাক্কালে প্রবৃদ্ধি নিয়ে ক্ষমতাসীনদের যে বক্তব্য প্রকাশিত হয়েছে, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে জানান রিজভী।