মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘যে নেত্রী ১৮ ঘণ্টা ঘুমিয়ে কাটান তিনি জনগণকে কী উপহার দিতে পারবেন? ছয় ঘণ্টা ঘুমিয়ে ১৮ ঘণ্টা জনগণের কথা ভাবুন। তাহলে জনগণ আপনার কথায় মাঠে নামবে।’
আজ সোমবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষেÿগাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সমাবেশে প্রতিমন্ত্রী বিগত দিনের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার জন্যও খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘নিজের ভোগ বিলাসের জন্য পেট্রল দিয়ে মানুষ মারবেন না। ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও-পোড়াও না করে জনগণকে ক্ষমতায়িত করার রাজনীতি করেন। জঙ্গিবাদ ও মাফিয়াদের মাধ্যমে আপনার ছেলের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে না।’
উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল গনী ভূইয়া সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ আলম দেওয়ান প্রমুখ বক্তব্য দেন ।