ছয় জেলায় আরও আটক ১২৭
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত ছয়টি জেলা থেকে ১২৭ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী।
প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
কিশোরগঞ্জে বাসে পেট্রলবোমা হামলায় জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসান নামের ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, ৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর গ্রামে একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বাসটির ১১ জন যাত্রী দগ্ধ হয়। বাসে হামলার ঘটনায় মেহেদী হাসানের সম্পৃক্ততা পাওয়া গেছে।
জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেনকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত আটটার দিকে মৌলভীবাজার শহর থেকে গাড়ি ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর পুলিশ জেলার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির ১৫ নেতা-কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাংসদ মাসুদ অরুণ বলেন, আটক ব্যক্তিদের কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে বিএনপির ছয়জন ও জামায়াত-শিবিরের ১৬ জন।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয়জন কর্মীসহ ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচিতে বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।