ছয় বৈঠকেও ঠিক হয়নি ছাত্রদলের কমিটির ধরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নতুন কমিটি গঠন করা নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের সঙ্গে গত ছয় মাসে ছয়টি বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু এখন পর্যন্ত কমিটির ধরন কেমন হবে তা চূড়ান্ত হয়নি বলে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে।
ছাত্রদলের একাধিক সূত্র জানায়, নতুন কমিটি নিয়মিত ছাত্রদের নিয়ে করা নাকি আগের মতো ত্রিশোর্ধ্বদের নিয়ে করা হবে—তা চূড়ান্ত না হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে দেরি হচ্ছে। আবার, নতুন কমিটিতে আধিপত্য প্রতিষ্ঠায় বিএনপির পাঁচজন নেতার অনুসারী পাঁচটি পক্ষ সক্রিয় রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে দেরি হওয়ার নেপথ্যে এটাও একটা কারণ।
তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠকে খালেদা জিয়া তরুণদের নিয়ে কমিটি করার মনোভাব জানিয়েছেন বলে বৈঠকের অংশগ্রহণকারী পাঁচজন নেতা প্রথম আলোকে জানিয়েছে। গত বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা পর্যন্ত বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।
দলীয় সূত্রগুলো জানায়, গত ৬ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের অঙ্গসংগঠন ছাত্রদল পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। তারপর ২৪ ফেব্রুয়ারি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সে সময় তিনি নিয়মিত ছাত্রদের সংগঠনের নেতৃত্বে আনার কথা বলেন। এর কদিন পরে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র, ছাত্রদলের এমন কর্মীদের সঙ্গে দুই দফা মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসন।
এরপর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির গত ২০, ২৪ ও সর্বশেষ গত বৃহস্পতিবার মোট তিন দফা বৈঠক করেন। ছাত্রদলের সূত্র জানায়, তিন দফায় প্রায় সাড়ে ১৩ ঘণ্টার বৈঠকে ছাত্রদলের ১১৩ জন নেতা বক্তব্য দেন। সর্বশেষ বৈঠকে বক্তব্য দেন খালেদা জিয়া। তাতে তিনি বলেন, তিনি চান, এবারের আন্দোলনে রাজপথে সামনের সারিতে থাকবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই আন্দোলন শুরু করতে হবে। তরুণ নেতৃত্ব আনতে হবে। ভালো ছেলেদের দিয়ে কমিটি করা হবে, যারা বিপদের সময়ে পালিয়ে যাবে না।
তবে বিএনপি ও ছাত্রদলের একাধিক সূত্র জানায়, তরুণদের দিয়ে কমিটি গঠনের চিন্তার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে নেতাদের মধ্যে সংশয় রয়েছে। কারণ ছাত্রদলের কমিটিতে নিজের অনুগতদের নেতৃত্বে আনতে বিএনপির যেসব পক্ষ সক্রিয়, তাদের পছন্দের ব্যক্তিরা বেশির ভাগই বয়স্ক ও বিবাহিত।
ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ছয় দফা বৈঠকের ফলাফল জানতে চাইলে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (অ্যানি) গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রথম তিনটি বৈঠক ছিল তাৎক্ষণিক বৈঠক। এর পরের তিনটি বৈঠক ছিল আনুষ্ঠানিক। তাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তাঁরা কেমন নেতৃত্ব চান, তা তুলে ধরেছেন। শিগগির নতুন কমিটি করা হবে।
তবে শহীদ উদ্দীন চৌধুরী স্বীকার করেন যে নতুন কমিটির ধরন এখনো চুড়ান্ত হয়নি। তবে শ্রম, ত্যাগ, মেধা যোগ্যতা—এসব বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্ধারণ করা হবে।