ছাতকে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে উপজেলা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দোকান, পেট্রলপাম্পে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
গতকাল রোববার বেলা তিনটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করার প্রস্তুতিকালে ছাত্রদলের স্থানীয় দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এক পক্ষে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমদের সমর্থকেরা আর অন্য পক্ষ হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর সমর্থকেরা। সংঘর্ষের সময় বাজারের আল-আমিন ফিলিং স্টেশনসহ দুটি দোকানে ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে রইছ উদ্দিন, মোজাম্মেল হক, আল-আমিন, ফয়সল আহমদ, রাহুল আহমদ, সালেহ আহমদ, মানিক, সুমনসহ ১০ জন আহত হন। ইটপাটকেলের আঘাতে তাঁরা আহত হন। এ ঘটনায় পুলিশ আবদুল মুমিন নামের ছাত্রদলের এক নেতাকে আটক করেছে।
কলিমউদ্দিন আহমদের সমর্থক ছাত্রদলের নেতা মতিউর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ফিলিং স্টেশন থেকে আমাদের ওপর ঢিল ছোড়া হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
মিজানুর রহমান চৌধুরীর সমর্থক ছাত্রদলের নেতা গোলাম হোসেন বলেন, কোনো উসকানি ছাড়াই প্রতিপক্ষের নেতা-কর্মীরা তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছেন।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। একজনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় এ নিয়ে কেউ অভিযোগ দেয়নি।