ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩০তম সম্মেলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ডাকসু নির্বাচন দেওয়া, হল দখলদারি ও সন্ত্রাসমুক্ত করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ ১০ দফা দাবি জানানো হয়।
দুপুর পৌনে ১২টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন কবি হেলাল হাফিজ। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মারুফ বিল্লাহ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক, সাবেক সভাপতি এস এম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ। সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ শুক্রবার সম্মেলনের শেষ দিনে নতুন কমিটি গঠন করা হবে।