ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
দিনভর বিভিন্ন আয়োজনে উদ্যাপিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র ইউনিয়নের সাবেক নেতা-কর্মীরা একত্র হন।
১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলন চলাকালীন ছাত্র ইউনিয়নের জন্ম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টার দিকে মধুর ক্যানটিন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শহীদ মিনারে ভাষাশহীদ, লাখো শহীদ মুক্তিযোদ্ধা ও বিশ্বব্যাপী মানবমুক্তির লড়াইয়ে জীবন উৎসর্গকারীদের স্মরণে ফুল দেওয়া হয়। ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার উপস্থিত নেতাদের সংগঠনের শপথ পড়ান।
বিকেলে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে হয় সাংস্কৃতিক পরিবেশনা ও পুনর্মিলনী। এ সময় সংগঠনের সাবেক নেতারা স্মৃতিচারণা করেন। বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সাবেক নেতা শামসুজ্জামান হীরা, তানজিমউদ্দিন খান, জসিমউদ্দিন মণ্ডল, শিক্ষাবিদ এ এন রাশেদা প্রমুখ।