ছাত্র ও যুবসমাজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন দেশের সাধারণ মানুষ ছাত্রসমাজকে বিশ্বাস করে কি না, তার উত্তর আমার জানা নাই। কিন্তু তৎকালীন সময়ে ছাত্রদের মানুষ দাম দিত। তাদের কথা বিশ্বাস করত। তখন আমরা যারা ছাত্র ছিলাম, সাধারণ মানুষ সে সময় মূল্যায়ন করত। কিন্তু দুঃখের বিষয়, ছাত্রদের ওপর সেই আস্থা ও বিশ্বাস এখন যেকোনো কারণে সাধারণ মানুষের মধ্যে নেই। কিন্তু সেটার উত্তরও আমার জানা নেই।’
নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘এখন আমাদের ছাত্র ও যুবসমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে। তাদের ঐক্যবদ্ধ করতে হবে। তাদের গঠনমূলক কাজে লাগাতে হবে।’ তিনি বলেন, ‘আমরা কথায় কথায় বলি, ছাত্র ও যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখন যারা যুবক ও ছাত্রসমাজ, তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে না পারলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ।