ছাত্র ফ্রন্টের মিছিলে ছাত্রলীগের হামলা দুজনকে ধরে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএল কলেজ শাখার মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা ছাত্র ফ্রন্টের কয়েকজন নেতা-কর্মীকে চড়-থাপ্পড় মেরে ব্যানারও কেড়ে নেন। গতকাল শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে।
হামলা চালানোর সময়ই ছাত্রলীগের কর্মীরা ছাত্র ফ্রন্টের দুই নেতাকে ধরে উপাধ্যক্ষের কার্যালয়ে নিয়ে যান। ছাত্রলীগ কর্মীরা এই দুজনের বিরুদ্ধে জঙ্গিসম্পৃক্ততার অভিযোগ তুললে কলেজ কর্তৃপক্ষ তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ রোববার বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক থেকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা কমিটির সমন্বয়ক জনার্দন দত্ত। তিনি বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। জনগণের আন্দোলনে ভীত হয়ে ছাত্রলীগ ও পুলিশ দিয়ে হামলা চালানো হচ্ছে। কিন্তু হামলা চালিয়ে সুন্দরবন রক্ষার আন্দোলন থামানো যাবে না, বরং বেগবান হবে।
ছাত্র ফন্ট্রের নেতা-কর্মীদের অভিযোগ, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি বাতিলের দাবিতে তাঁরা দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁদের মিছিল-সমাবেশ না করতে হুমকিধমকি দেন। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সভাপতি সঞ্জিত মণ্ডলের নেতৃত্বে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মী সবুজ, বখতিয়ার, তাপস ও মিঠু তাঁদের ওপর হামলা চালান। ছাত্রলীগের কর্মীরা ছাত্র ফ্রন্টের নেতা সঞ্জিত, শফিক, অনুপ মণ্ডল ও রোমিও রহমানকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। পরে সঞ্জিত ও রোমিওকে ধরে উপাধ্যক্ষের কাছে নিয়ে যান।
ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা বলেন, ছাত্রলীগ কর্মীরা সঞ্জিত ও রোমিওর বিরুদ্ধে অভিযোগ আনেন যে তাঁদের জঙ্গিসম্পৃক্ততা আছে। পরে এই অভিযোগ তদন্তের জন্য ক্যাম্পাসে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দুজনকে দৌলতপুর থানায় নিয়ে যান।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল করছিল। এ সময় ছাত্রলীগের ছেলেরা দুজনকে দাবড়িয়ে ধরে প্রিন্সিপালের কাছে দেন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি দেখার জন্য দুজনকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাঁদের সম্পর্কে স্থানীয় থানায় খোঁজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
কলেজের উপাধ্যক্ষ শিকদার মনিরুজ্জামান বলেন, পুলিশ ওই দুজনকে ধরে তাঁদের কাছে এনে বলে, তাঁরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। তাঁদের জঙ্গিসম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখতে পুলিশ অনুমতি চাইলে অনুমতি দেওয়া হয়। তবে নির্দোষ হলে দ্রুত ছেড়ে দেওয়ার কথাও বলা হয়।
জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস প্রথম আলোকে বলেন, কলেজে পরীক্ষা চলছিল। এ সময় মিছিল করতে হলে অধ্যক্ষের অনুমতি লাগে। কিন্তু সে অনুমতি তারা নেয়নি। তা ছাড়া কলেজে স্বীকৃত চারটি ছাত্র সংগঠনের মধ্যে তাদের (ছাত্র ফ্রন্ট) নাম নেই। তাদের নেতা-কর্মীদের বেশির ভাগই এ কলেজের না। হামলার বিষয়ে তিনি বলেন, একটু ঝামেলা হয়েছে। তবে মারধরের ঘটনা ঘটেনি।
রাত সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র ফ্রন্টের দুই নেতা দৌলতপুর থানা-পুলিশের হেফাজতে ছিলেন।