সাড়ে তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি খোরশেদ আলম ও জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাইয়ুম এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।
সভাপতি খোরশেদ আলম ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাইয়ুম ছিলেন ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী। অবশ্য সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম মার্কেটিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
ছাত্রত্ব না থাকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ‘২০১৩ সালে স্নাতকোত্তর শেষ হয়েছে আমার। এখন এমফিলের জন্য আবেদন করেছি। মূলত বিগত আন্দোলনের সময় যারা ত্যাগী ছিল, তাদের মূল্যায়ন করা হয়েছে এই কমিটিতে। আর দীর্ঘদিন কমিটি না থাকায় নিয়মিত-অনিয়মিত সবাইকে কমিটিতে রাখা হয়েছে। ছাত্রত্ব নেই এমন সাত-আটজন কমিটিতে আছে।’
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান নতুন এই কমিটি অনুমোদন করেন। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশীদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, প্রথম ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের নেতারা জানান, ২০১১ সালের ২৯ মার্চ তিন সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ ছিল দুই বছর। এরপর আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে ৬৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন ৩৫ জন সহসভাপতি, ৩১ জন যুগ্ম সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিটি ঘোষণার পর নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কিছুদিন পর হল ও ফ্যাকাল্টি কমিটি ঘোষণা করবেন তাঁরা।