ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাধায় ছাত্রীদের বিক্ষোভ পণ্ড
বরগুনার পাথরঘাটা উপজেলায় ড. সৈয়দা ফিরোজা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে ছাত্রীদের ডাকা বিক্ষোভ কর্মসূচি ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় মেয়েদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত শিক্ষক মারুফুল মামুন বলেন, এক ছাত্রীকে বদলির ছাড়পত্র দেওয়া নিয়ে তাঁর ওপর এ হামলা হয়ে থাকতে পারে।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, গত শুক্রবার বিদ্যালয়টির খণ্ডকালীন বিজ্ঞান শিক্ষক মারুফুল মামুনকে (৩৭) স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। এর প্রতিবাদে শনিবার লেমুয়া গ্রামে বিদ্যালয়টির সামনের সড়কে বেলা ১১টার দিকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় লেমুয়া-কাকচিড়া সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতা বাকের ভূঁইয়া, ছাত্রলীগের সহসভাপতি তকদির জমাদ্দার ও নয়ন তালুকদারসহ অন্তত পাঁচ-ছয়জন নেতা-কর্মী কর্মসূচিতে বাধা দেন।