ছাত্রদল ও শিবিরের ধর্মঘটের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের ডাকা ধর্মঘটকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে এই ধর্মঘট সারা দেশে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডেরই অংশ।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে কেন্দ্রীয়ভাবে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি অপরাজেয় বাংলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করা হয়েছে।