ছাত্রদল নেতা এখন ছাত্রলীগের বড় পদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তারেক আহমেদ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা। অথচ তাঁকে ছাত্রলীগের বীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি করা হয়েছে। এতে সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছাত্রলীগের স্থানীয় সূত্র জানা গেছে, বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ ওরফে সানি বিএনপির ব্যানার ও ফেস্টুন দিয়ে এলাকায় প্রচার চালিয়েছেন। গত ২১ ফেব্রুয়ারিতে প্রভাতফেরি অনুষ্ঠানেও ছাত্রদলের ফুলের তোড়া হাতে দেখা যায় তাঁকে। সম্প্রতি ছাত্রলীগের সভাপতি হওয়ার লক্ষ্যে একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক এক যুগ্ম সম্পাদকের সঙ্গে সখ্য গড়ে তোলেন তারেক। ওই নেতার সঙ্গে সখ্যের কারণেই ছাত্রদল থেকে এসেও ছাত্রলীগে বড় পদ পেয়েছেন বলে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
তবে কমিটি ঘোষণাকারী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, তারেক ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত
ছিলেন না জেনেও তাঁরা চাপে পড়ে তাঁকে কমিটির সভাপতি করতে বাধ্য হয়েছেন। তবে কিসের চাপ, তা তাঁরা স্পষ্ট করে বলতে রাজি হননি।
অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ওই নেতার পরিবারের একাধিক সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে তাঁকে কেন্দ্রীয় ছাত্রলীগে অন্তর্ভুক্ত করা হয়নি।
বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার বলেন, তারেক এলাকায় প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতি করেছেন। কিন্তু ছাত্রদল থেকে পদত্যাগ না করা সত্ত্বেও তাঁকে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি করা হয়েছে। ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে জানতে চাইলে, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু সাইদ ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা। সে ছাড়াও ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কবির আহমেদ আমাদেরকে তারেকের বিষয়ে সুপারিশ করেছেন। তাদের সুপারিশের ভিত্তিতে তারেককে সভাপতি করে ছয় সদস্যের আংশিক কমিটি দেওয়া হয়েছে। তারেকের বিষয়ে ফেসবুকে বিভিন্ন পোস্টার ও ব্যানারের পোস্ট দিয়ে সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগের ভেতরে তুমুল বিতর্ক চলতে থাকায় কমিটির বিষয়টি পুনর্বিবেচনা করতে শিগগিরই আমরা আলোচনায় বসব।’
তারেক আহমেদ দাবি করেন, ‘আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগ করি। ছাত্রদলের কোনো কমিটিতে আমার কোনো পদ নেই বা আমি সম্পৃক্ত নই। ছাত্রদলের কার্যক্রমের সঙ্গেও আমি যুক্ত না। কে বা কারা আমার নামে ব্যানার পোস্টার করে টানিয়েছে আমি জানি না।’
তবে তাঁর এই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের। তিনি বলেন, প্রায় তিন বছর আগে আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও সাজিদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারেক আবদুল্লাহ আল মামুনের চাচাতো ভাই হওয়ায় প্রায়ই ছাত্রদলের অফিসে আসতেন। পরে মামুন ৪২ সদস্যের কমিটি পূর্ণাঙ্গ করেন এবং সেখানে কোনো একটি পদে তারেককে রাখা হয়েছিল। তা ছাড়া তারেক ছাত্রদলের বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতেন।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ বলেন, তারেক আহমেদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মামুনের চাচাতো ভাই। তিনি সব সময় ইউনিয়ন ছাত্রদলের সব কার্যক্রমে অংশ নিয়েছেন।