ছাত্রদল নেতা হতে মূত্র পরীক্ষায় ছয়জন উত্তীর্ণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে মাদকসেবীদের ঠাঁই হবে না। মাদকসেবী নন, তা নিশ্চিত করতে আটজন তরুণের মূত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয়জন পাস করেছেন। অর্থাৎ তাঁরা সংগঠনটির নেতা হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন তরুণেরা পাস বা ফেল করেছেন, তা তিনি বলেননি।
গত শুক্রবার দুপুরে বোয়ালমারী উপজেলার হাসামদিয়ায় শাহ জাফরের নিজ খামার বাড়িতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী আট তরুণের মূত্র সংগ্রহ করা হয়। শাহ জাফর নিজে উপস্থিত থেকে এই মূত্র সংগ্রহ করেন।
শাহ জাফর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সাবেক সাংসদ। জানতে চাইলে তিনি বলেন, ‘ছাত্রদল করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। এ জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি।’
তবে এটিকে হাস্যকর উদ্যোগ বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী। তিনি বলেন, নেতা নির্বাচনের জন্য এটি কোনো প্রক্রিয়াই হতে পারে না। এ মূত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন বোয়ালমারী পৌর ছাত্রদলের সভাপতি মো. রোকনুজ্জামান।
ওই দিন যাঁরা মূত্র দিয়েছেন, তাঁরা হলেন উপজেলা ছাত্রদলের সভাপতির পদপ্রত্যাশী ওয়ালিদ মুরছালিন ও হাসান সালেহ, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. পিকুল মিয়া, বয়োজিত খান ও আনিচুজ্জামান তপু, পৌর সভাপতি পদপ্রত্যাশী মো. আশিক ও রনি মিয়া এবং সরকারি বোয়ালমারী কলেজ শাখার সভাপতি পদপ্রত্যাশী মাহফুজ মিয়া।