ছাত্রদল নেতাদের 'আত্মপ্রচারে' বিরক্ত খালেদা জিয়া
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুলতবি বৈঠকের সময় তাঁদের আত্মকেন্দ্রিক বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার রাতে প্রায় দীর্ঘ চার ঘণ্টার এই ‘মুলতবি বৈঠক’ করেছেন তিনি।
বৈঠকের শেষে খালেদা জিয়া ছাত্রদলের নেতাদের বলেছেন, বৈঠক আর মুলতবি রাখা হচ্ছে না। সময় পেলে হয়তো বাকিদের বক্তব্য শুনবেন। না হলে তিনি তাঁর ‘সিদ্ধান্ত’ জানিয়ে দেবেন। বৈঠকে থাকা একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বুধবার রাতে ছাত্রদলের সঙ্গে বৈঠক মুলতবি রাখা হয়। গতকাল রাত আটটার দিকে আবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ওই মুলতবি বৈঠক শুরু হয়।
বিএনপি সূত্র জানিয়েছে, বৈঠকে বেশির ভাগ নেতাই আত্মকেন্দ্রিক বক্তব্য দেন। কেউ কেউ বর্তমান কমিটির ব্যর্থতা, বিশৃঙ্খলার কথা বার বার তুলে ধরার চেষ্টা করেন। তাঁদের এ ধরনের বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বিরক্তি প্রকাশ করেন।
সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রদলের নেতাদের বক্তব্য শুরু হয়। সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পর্যন্ত পদের ৩৯ জন নেতা তাঁদের বক্তব্য তুলে ধরেন। একজন যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়া অন্য যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সভাপতিরা সময়ের অভাবে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তাঁদের সঙ্গে পুনরায় বৈঠকের বিষয়টিও নিশ্চিত নয়। এতে সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে।