ছাত্রদল রক্ষায় ১১ নেতার 'আকুতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে ঘোষিত সিলেট জেলা ও নগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় তাঁদের ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে সিলেটে ছাত্রদলকে রক্ষায় কেন্দ্রে আকুল আবেদন জানিয়েছেন বর্তমান ও গত কমিটির বিভিন্ন পদে থাকা ১১ নেতা।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ আবেদন জানান নেতারা। তাঁরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল মজিদ, সদস্য অর্জুন ঘোষ, মহানগর কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলার সাবেক সহপ্রচার সম্পাদক আজিজুল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জেলার সাবেক সদস্য লিটন আহমদ, আবদুর রউফ ও মহানগরের সুচিত্র চৌধুরী।

সংগঠন সূত্র জানায়, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনের নাম ঘোষণা করে নগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটিকে ওয়ার্ড ও উপজেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে পদবঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় কমিটি ঘোষণার প্রায় ছয় মাস নতুন কমিটির পক্ষে ও বিপক্ষে চলে পাল্টা-তৎপরতা। দুই পক্ষে কয়েক দফা সংঘর্ষও হয়। এতে নতুন জেলা সভাপতি সাঈদ আহমদ জেলও খাটেন। পরে অবশ্য দুই পক্ষ শান্ত হয়। দুই বছরের মাথায় কেন্দ্র ঘোষিত কমিটির মেয়াদ শেষ হতে চলেছে। এ অবস্থায় আবার তৎপর দুই পক্ষ।

১১ নেতার বিবৃতিতে বলা হয়েছে, জেলা ও মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হতে আর ২৩ দিন বাকি। অথচ এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। গঠন করা হয়নি বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরের ওয়ার্ড কমিটিও। এই ব্যর্থতায় সিলেটে ছাত্রদল ছত্রভঙ্গ অবস্থায় রয়েছে। নগর ও জেলার বর্তমান ব্যর্থ নেতৃত্বকে বিলুপ্ত করে নতুন কমিটি গঠন জরুরি হয়ে পড়েছে। নইলে ছাত্রদল বাঁচানো যাবে না।

তবে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের দাবি, প্রায় সব উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কমিটি হয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে কমিটিগুলো কৌশলী হয়েকাজ করছে। তিনি বলেন, ‘সংগঠন চালাতে গিয়ে আমার বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে। দুবার জেল খেটেছি। এরপরও যারা ব্যর্থ বলছে, তারা আসলে কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’

নগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী বলেন, ‘গত বৃহস্পতিবারও আমরা জেলা ও নগর কমিটি যৌথভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি। নেতৃত্ব ব্যর্থ হলে তো কর্মসূচি পালন সম্ভব হতো না।’