ছাত্রদলে থেকে ছাত্রলীগের সভাপতি হতে প্রচারণা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেও ছাত্রলীগের উপজেলা সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন দামিহা গ্রামের জাকির হাসান। এতে উপজেলা ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছাত্রদল ও ছাত্রলীগের স্থানীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ পেতে জাকির হাসান গত ঈদুল ফিতরের সময় থেকে ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণা চালাচ্ছেন। পদ পেতে ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গে সখ্যও গড়ে তুলেছেন তিনি। এর আগে ছাত্রদলের মিছিল ও সভায় নিয়মিত অংশ নিতেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ জানুয়ারির অনুষ্ঠানেও দেখা যায় তাঁকে। তবে ছাত্রলীগের সভাপতি হওয়ার প্রচারণা শুরু করার পর থেকে ছাত্রদলের কার্যক্রমে আর দেখা যায় না তাঁকে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা ছাত্রদলের একাধিক নেতা বলেন, জাকির তাঁদের সঙ্গে ছাত্রদলের রাজনীতি করেছেন। এখন দেখা যাচ্ছে, ছাত্রদল থেকে পদত্যাগ না করেই তিনি ছাত্রলীগের সভাপতির পদ পেতে ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সম্রাট জহিরুল ইসলাম বলেন, উপজেলা ছাত্রদলের ২০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে জাকির হাসান যুগ্ম আহ্বায়ক। ছাত্রদলের রাজনীতিতে মোটামুটি সরব ছিলেন তিনি। যদি অন্য দলের রাজনীতি করতে হয়, তবে ছাত্রদল থেকে তাঁর পদত্যাগ করা উচিত। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত তিনি ছাত্রদল থেকে পদত্যাগ করেননি।
ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী মো. শামছুজ্জামান বলেন, ‘অন্য একটি দলের নেতা কীভাবে ছাত্রলীগের সভাপতি হতে চান, বিষয়টি নিয়ে আমরা ধোঁয়াশায় আছি।’ সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আসাদুজ্জামান বলেন, ‘এভাবে উড়ে এসে কেউ যদি জুড়ে বসতে চান, কিংবা তাঁকে বসানো হয়, তবে ছাত্রলীগের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেবে।
জাকির হাসান গতকাল বলেন, ‘দামিহা ইউনিয়নের এক বড় ভাই আমাকে না জানিয়ে আমার নাম ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। জানার পর তাঁকে আমার নাম বাদ দেওয়ার জন্য বলেছি। আমার বাবা-চাচা সবাই আওয়ামী লীগ করেন। ছাত্রদল থেকে এখনো পদত্যাগ করিনি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী নয়, যুবদলের একটি অনুষ্ঠানে বড় ভাইয়েরা কিছু লোক দেওয়ার জন্য আমাকে বললে একটি গাড়িতে করে লোকজন নিয়ে একদিন আমি উপজেলা সদরে গিয়েছিলাম। এখন ছাত্রদলের নেতাদের নাম কাটার জন্য বলেছি, তাঁরা বলেছেন সমস্যা নেই।’