দল গোছানোর অংশ হিসেবে বিএনপি তার ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে। নতুন কমিটিতে নিজেদের অনুসারীদের দায়িত্বে আনতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের অন্তত পাঁচটি পক্ষ তৎপর রয়েছে।
এই পাঁচটি পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও বিএনপির কারাবন্দী নেতা নাসির উদ্দীন পিন্টু। এ বিষয়ে ওয়াকিবহাল বিএনপি ও ছাত্রদলের ছয়জন নেতার সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।
এসব নেতা জানান, বিএনপির নিখোঁজ নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর অনুসারীরা ছাত্রদলে এখনো শক্ত অবস্থানে আছেন। ইলিয়াসের অনুপস্থিতে এই অংশটির পৃষ্ঠপোষকতা দিচ্ছেন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান। নাসির উদ্দীন পিন্টু কারাগারে থেকেও ছাত্রদলের একটি অংশকে পৃষ্ঠপোষকতা দেন। তাঁর এই অনুসারীদের কমিটিতে পদ পাইয়ে দিতে নানা মাধ্যমে তৎপরতা চালাচ্ছেন। আর ছাত্রদলের বর্তমান কমিটির বেশির ভাগই মির্জা আব্বাসের অনুসারী। তাই বর্তমান কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদককে ছাত্রদলের পরবর্তী কমিটিতে বহাল রাখতে চেষ্টা-তদবির চলছে। আর ছাত্রদলের সাবেক দুই সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী ও আমান উল্লাহ সব সময় ছাত্রদলে নিজের একটা নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট থাকেন।
তবে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী দাবি করেন, ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিবিশেষের পছন্দের কোনো সুযোগ নেই। দলীয় চেয়ারপারসন অনেক নেতার সঙ্গেই কথা বলে সিদ্ধান্ত নেন। তিনি প্রথম আলোকে বলেন, খুব শিগগির ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, আগামী মাসে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। এ জন্য গত বুধবার রাতে সংগঠনের বর্তমান কমিটির নেতাদের সঙ্গে চার ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
ছাত্রদলের একটি সূত্র জানায়, বুধবার রাতের বৈঠকে ছাত্রদলের কয়েকজন নেতা কারও নাম উল্লেখ না করে কমিটি নিয়ে বিভিন্ন পক্ষ সক্রিয় থাকার কথা খালেদা জিয়াকে বলেছেন। তাই তাঁরা কমিটি গঠন নিয়ে ‘বড় ভাইদের’ থেকে তথ্য নেওয়ার আগে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে বিএনপির চেয়ারপারসনকে অনুরোধ করেন।
ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে আছেন। পাশাপাশি ২০০২-০৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নেতারাও একই পদের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যাঁরা এগিয়ে আছেন, তাঁদের কেউ নিয়মিত ছাত্র নন। অবশ্য বর্তমান কমিটিতে যাঁরা আছেন, তাঁরাও কেউ নিয়মিত ছাত্র নন।
বুধবার রাতের বৈঠকে ছাত্রদলের অন্তত ৪০ জন নেতা খালেদা জিয়ার সামনে নিজেদের মতামত তুলে ধরেন। তাঁদের অনেকে কমিটিতে বয়সের সমন্বয় করার পরামর্শ দেন। অপেক্ষাকৃত তরুণ, অবিবাহিতদের নেতৃত্বে আনার পরামর্শ দেন। কয়েকজন নেতা বলেছেন, বিবাহিত বা বয়সের দিকে না তাকিয়ে দলের প্রতি অবদান ও সামর্থ্য বিবেচনা করে যেন নেতৃত্ব নির্বাচন করা হয়।
খালেদা জিয়ার ঘনিষ্ঠ একজন নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান চান নিয়মিত ছাত্রদের দিয়ে সংগঠনের কমিটি করতে। কিন্তু সেটা করা সম্ভব না-ও হতে পারে। কারণ, খালেদা জিয়াকে ধারণা দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত যাঁরা নিয়মিত ছাত্র, তাঁদের কেউ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নেই। তাই এমন কাউকে কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদক করা হলে সংগঠন চালানো কঠিন হয়ে পড়বে। এ অবস্থায় এখনো যাঁরা অনিয়মিত হিসেবে ছাত্রত্ব ধরে রেখেছেন এবং বিয়ে করেননি, তাঁদের বিষয়ে খালেদা জিয়া চিন্তাভাবনা করছেন বলে ওই নেতা দাবি করেন।