রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চার বছর পর ছাত্রদলের কমিটি গঠিত হলেও তা নিয়ে বিরোধ দেখা দিয়েছে। পদবঞ্চিত নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
এদিকে নবগঠিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত পদবঞ্চিত নেতা-কর্মীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রায় চার বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাইফুল ইসলাম লিমনকে সভাপতি ও ইমরান খান শ্রাবণকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান নতুন এই কমিটি অনুমোদন দেন বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। এর আগে ২০১২ সাল থেকে এখানে একটি আহ্বায়ক কমিটি ছিল।
এদিকে নতুন এই কমিটি গঠনের কথা জানাজানি হলে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও বিরোধ দেখা দেয়। এই ক্ষোভের জের ধরে গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ের একটি খাবারের দোকানে পদবঞ্চিত নেতা-কর্মীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন প্রথম আলোকে বলেন, ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয় ও বিতর্কিত কর্মীদের দিয়ে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তেমন কোনো আলাপ-আলোচনাও করা হয়নি। অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানানো হয়। আর বাতিল করা না হলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনের আগে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ মিছিল করেন।
বিরোধ প্রসঙ্গে নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরে ছিল আহ্বায়ক কমিটির কার্যক্রম। এখানে সংগঠনের কার্যক্রম চালাতে গিয়ে যাঁরা সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, সেসব ত্যাগী নেতা-কর্মীকে কমিটিতে রাখা হয়নি। সেটিই বিক্ষোভের কারণ।