বরিশালে জেলা ও মহানগর কমিটি নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রদল। যাঁরা মজিবর রহমান সরোয়ার সমর্থক ছিলেন, তাঁরাও কমিটি গঠন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কমিটির পদ প্রাপ্তি নিয়ে অনেকে দেখা করেছেন মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ব্রজমোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক কামাল অনুসারী মুশফিকুল হাসান বলেন, ‘কোনো ভাইর পকেট কমিটি গ্রহণ করা হবে না। ছাত্রদলের কমিটি করতে হবে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে। মেয়র কামাল (ভাইর) আশ্বস্ত করেছেন, ত্যাগী নেত-কার্মীদের নিয়ে কমিটি করতে কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করেছেন।’
জেলা ও মহানগর ছাত্রদল নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার তাঁর অনুসারী অছাত্রদের নিয়ে বরিশালে ছাত্রদলের কমিটি করার চেষ্টা করছেন। যাঁরা যোগ্য এবং আন্দোলন-সংগ্রামে মাঠে থাকে তাঁরা সভাপতি-সম্পাদক পদ দাবি করায় তিনি ক্ষিপ্ত হন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ছাত্রদল নেতা জানান, বরিশালে সিটি নির্বাচন নিয়ে বিএনপিতে যে ঐক্য হয়েছিল, ছাত্রদলের কমিটি নিয়ে আবার বিভক্তির সৃষ্টি হবে। আর এর জন্য মূল দায়ী হবেন মজিবর রহমান।
ছাত্রদলের নেতারা জানান, ৩ নভেম্বর মেহেদী হাসান সোহেল এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সভাপতি হারুন অর রশীদের নেতৃত্বে ছাত্রদলের একটি প্রতিনিধিদল মজিবর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা ছাত্রদল বরিশাল জেলা ও মহানগরের কমিটিতে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে তাঁদের ওপর ক্ষিপ্ত হন মজিবর রহমান।
৬ নভেম্বর ওই বিষয় নিয়ে রিয়াজুর রহমান, শহীদুল ইসলাম, এইচ এম তসলিমউদ্দিনের নেতৃত্বে ছাত্রদল নেতারা দেখা করেন কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও সিটি মেয়র আহসান হাবিবের সঙ্গে। তিনি ওই নেতা-কর্মীদের আশ্বস্ত করেন। কোনো ধরনের পকেট কমিটি হতে দেওয়া হবে না। একপর্যায়ে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। এর আগে যেন কমিটি গঠন করা না হয়।’
মহানগরের সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজুর রহমান বলেন, ‘কমিটি গঠনের ক্ষেত্রে তিনি (মজিবর রহমান) সব সময় নিজের মতো করে করতে চান। যাঁরা আন্দোলনে নেই, শুধু নেতার সঙ্গে থাকেন, তাঁদের নিয়ে কমিটি করলে তা মেনে নেওয়া হবে না। বিষয়টি সরোয়ার ভাই এবং কামাল ভাইকে জানানো হয়েছে।’
মজিবর রহমান অনুসারী মেহেদী হাসান সোহেল বলেন, ‘সরোয়ার ভাই যাঁদের নিয়ে কমিটি করতে চাইছেন, তাঁরা গত আন্দোলনে রাজপথে ছিলেন না। বিশেষ করে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ঢাকায় অবস্থান করেন। তাঁকে সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করতে চান। মুন্নার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে ৩ নভেম্বর ঢাকায় আমরা ছয়জন যুগ্ম আহ্বায়ক সরোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন কোনো কমিটি জমা দেওয়া হয়নি।’
আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা আমার কাছে কিছু অভিযোগ করেছে। তাঁদের বলেছি, কারও ইচ্ছায় নয়, ছাত্রদলের কমিটি হবে তৃণমূলের যোগ্য নেতৃত্ব নিয়ে। কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।’
মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘আমি আমার মতো করে কমিটি গঠন করার চেষ্টা করছি, এটা সঠিক নয়। ইচ্ছা করলেই কমিটি গঠন করা যায় না। কমিটি গঠনের ক্ষেত্রে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করে একটা সুপারিশ করা হয়। এটার অনুমোদন দেয় কেন্দ্র। ছাত্রনেতাদের জীবনবৃত্তান্ত নেওয়া হচ্ছে। যোগ্যতা, বয়স, আন্দোলন সংগ্রামে ভূমিকা—এসব দিক বিবেচনায় নিয়ে কমিটি গঠন করা হবে।’