ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান করেছে ১১টি শাখা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গত ১৩ অক্টোবর ঘোষণা করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এতে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
ঘোষিত ওই কমিটি প্রত্যাখ্যান করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের অধিভুক্ত সাতটি উপজেলা ও চারটি পৌরসভা কমিটি। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতাদের দলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চান্দিনায় অবস্থিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই কমিটি প্রত্যাখ্যান করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দেবীদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অযোগ্য ও এলাকায় অবস্থান নেই এমন ব্যক্তিদের দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি ঢাকায় থাকেন আর সাধারণ সম্পাদক এলডিপির রাজনীতির সঙ্গে জড়িত। উদ্ভূত পরিস্থিতিতে ওই কমিটি বাদ দিয়ে ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
গতকাল সংবাদ সম্মেলনের পর বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভাও হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘এলডিপির কোনো রাজনীতির সঙ্গে আমি জড়িত নই। কমিটিতে স্থান না পেয়েই তাঁরা সংবাদ সম্মেলন করেছেন।’
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘ক্ষোভ থেকেই নতুন কমিটির বিরুদ্ধে এসব বলা হচ্ছে। আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের স্থান দেব।’