ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় ছাত্রদলের বিভিন্ন কমিটি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংগঠনের জেলা কমিটির একাধিক নেতা ও নতুন কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সংগঠনের মৌলভীবাজারের জেলা কমিটি গত বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজের আহ্বায়ক কমিটি অনুমোদন করে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদল জুড়ীতে আজহার আহমদকে আহ্বায়ক করে উপজেলা, জাবের আহমদকে আহ্বায়ক করে তৈয়ুবন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ কমিটি অনুমোদন করে। এ ছাড়া বড়লেখায় সাইফুল আলমকে আহ্বায়ক করে উপজেলা, জাবের আহমদ তারেককে আহ্বায়ক করে পৌর ও রুহেল আহমদকে আহ্বায়ক করে বড়লেখা ডিগ্রি কলেজ কমিটি অনুমোদন করা হয়।
গতকাল বিকেলে ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী বিজিবি ক্যাম্প চত্বরে পথসভা করে। এ সময় বক্তারা জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ এবং জুড়ী উপজেলা ও কলেজ কমিটির নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করেন।
একইভাবে বড়লেখা উপজেলা সদরে ছাত্রদলের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পথসভা করে ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ ও জি এম মোক্তাদিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন।