ছাত্রদলের কমিটি ভেঙে দিতে বিক্ষোভ পদবঞ্চিতদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ সদস্যরা। তাঁরা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় তালাও লাগিয়ে দেন।
ছাত্রদলের পদবঞ্চিতরা দুপুরে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। সেখানে তাঁরা প্রায় এক ঘণ্টা অবস্থান নেন। এ সময় তাঁরা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ের দরজায় তালা লাগান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ মিছিলে শতাধিক নেতা-কর্মী ছিলেন। এতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা তরিকুল ইসলাম, ফেরদৌস মুন্না, তরুণ দে, রাকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তাঁরা বিএনপির কার্যালয়ের ফটকে সমাবেশ করেন। এ সময় ছাত্রদলের নতুন কমিটির নেতাদের কেউ ওই কার্যালয়ে ছিলেন না।
সমাবেশে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনকে ছাত্রদলের দায়িত্ব থেকে অব্যাহতি এবং ছাত্রদলের কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন তরিকুল ইসলাম। এ সময়ের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।
একই দাবিতে পদবঞ্চিতরা এর আগেও বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।