ছাত্রদলের কমিটিতে প্রচণ্ড হতাশ হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

ছাত্রদলের কমিটি দেখে প্রচণ্ড হতাশ হয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি দাবি করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রলীগের নেতারাও স্থান পেয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় হাছান মাহমুদ এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের বেসরকারি একটি সংস্থা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।
আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি আমি ছাত্রদলের ঘোষিত কমিটি দেখে প্রচণ্ড হতাশ হয়েছি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আকার হচ্ছে ৮০০ জনের কাছাকাছি। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, তখন কেন্দ্রীয় কমিটি থাকত ৬০-৭০ জনের মতো। এখন এই কেন্দ্রীয় কমিটির বৈঠক কি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে নাকি কোনো হল ভাড়া করতে হবে?’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা পত্রিকাতে দেখতে পেলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে শুধু ছাত্র নয়, ছাত্রদের বাবারাও স্থান পেয়েছে। আবার ছাত্রলীগের নেতারাও কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে। এই কমিটি নাকি গঠন করা হয়েছিল কোন্দল কমানোর জন্য। কিন্তু কমিটি গঠনের পর দেখলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আগের মতোই ভাঙচুর করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। অর্থাৎ, এই ধরনের কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির চরম দৈন্যর বহিঃপ্রকাশ ঘটেছে। রাজনীতিকে এই চরম দৈন্য থেকে মুক্ত করা প্রয়োজন, প্রশিক্ষণ প্রয়োজন।’

কর্মশালায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি কেটি ক্রোক। সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জেদ্দা পারভীন।