ছাত্রদলের কমিটির বছর পূর্তিতে ফের বিদ্রোহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১৮ সেপ্টেম্বর সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর ও জেলা কমিটি ঘোষণা করার পর দলে বিদ্রোহ দেখা দেয়। কমিটিতে ঠাঁই না পাওয়ায় পদবঞ্চিতরা ক্ষুব্ধ হন। এ নিয়ে নতুন কমিটির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা হলে পরিস্থিতি শান্ত হয়। এত দিন পরিস্থিতি শান্ত থাকলেও নতুন কমিটির বছরপূর্তিতে ফের তৎপরতা শুরু করেছেন পদবঞ্চিত নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট শহরে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীর। তাঁরা কমিটি পুনর্গঠনের দাবিতে আজ শনিবার সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।
ছাত্রদল সূত্র জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি এবং নূরুল আলম সিদ্দিকীকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগী ব্যক্তিরা পদবঞ্চিত হয়েছেন, এ অভিযোগ তুলে রাতেই বিক্ষোভ হয়। কমিটি পুনর্গঠনের দািবতে পরদিন নতুন কমিটির সভাপতিকে নগরের হাউজিং এস্টেট এলাকায় অবরুদ্ধ করে রাখেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এর জের ধরে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় দুই পক্ষে সংঘর্ষ হয়।
ছাত্রদল সূত্রে আরও জানা গেছে, পরে একাধিকবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন শেষে গত বছরের ১৭ অক্টোবর নগরের চোহাট্টা পয়েন্টে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পক্ষ আরেক পক্ষের নেতা-কর্মীর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় দুই পক্ষের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলা করেন। এতে দুই পক্ষ পাল্টাপাল্টি তৎপরতা বন্ধ করলে পরিস্থিতি শান্ত হয়।
নতুন কমিটির এক বছর পূর্ণ হয়েছে গতকাল। এক বছরেও কমিটি পুনর্গঠন না হওয়ায় গতকাল বিকেলে নগরের শাহি ঈদগাহে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। মিছিল চলাকালে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে আজ বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, ছাত্রদলের নেতা শাকিল মুর্শেদ, লোকমান তালুকদার, এখলাছুর রহমান, নাজিম উদ্দিন, লিটন আহমদ, আবদুর রউফসহ বিভিন্ন ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা বক্তব্য দেন।
মাহবুবুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘জেলা ও নগরের নতুন কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের দাবি ছিল কমিটি পুনর্গঠনের। এক বছর পরও এ দাবি না মানায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ থেকে আমরা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’ তিনি আরও জানান, নতুন কমিটির এক বছরের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এসব কর্মসূচি আসলে সংগঠনকে দুর্বল করার তৎপরতা। এসব করে তাঁরা (পদবঞ্চিতরা) কার্যত সরকারকেই সহযোগিতা করছেন। আমরা এ নিয়ে কোনো পাল্টা তৎপরতা দেখাব না। শুধু তাঁদের সাংগঠনিক শৃঙ্খলায় ফিরে আসার আহ্বান জানাব।’
এক বছরেও কমিটি পুনর্গঠন না হওয়া প্রসঙ্গে সাঈদ আহমদ বলেন, পুনর্গঠন দেরি হয়েছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে। এরপরও নগর ও জেলার ৩২টি শাখার মধ্যে নয়টি শাখা কমিটি পুনর্গঠন করা হয়েছে। প্রস্তুত করা রয়েছে আরও সাতটি। বাকি সবগুলো ঈদের পরপরই সম্পন্ন হবে। এরপর জেলা ও নগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।