ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে তালা, বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নতুন কমিটি প্রত্যাখ্যান করে ‘পদবঞ্চিতদের’ বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাঁরা গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় অবস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এ ছাড়া দিনভর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল কার্যত বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে। তাঁরা কার্যালয়ের প্রবেশপথে পাহারায় ছিলেন। ওই দিকে যাওয়ার পথে নবগঠিত কমিটির সহসভাপতি মনিরুজ্জামানকে লাঞ্ছিত করেন বিক্ষোভকারীরা। আজ রোববারও তাঁদের অবস্থান অব্যাহত থাকবে বলে গতকাল বিকেলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল তৃতীয় দিনেও বেলা ১১টার দিকে কয়েক শ নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে তালা লাগিয়ে দেন। বেলা সোয়া একটার দিকে বিএনপির কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিক্ষোভকারীরা ‘এ্যানি-টুকুর কমিটি, মানি না’; ‘হইহই রইরই, এ্যানি-টুকু গেলি কই’ স্লোগান দেন। পরে মির্জা ফখরুল কার্যালয় থেকে বের হওয়ার সময়ও তাঁকে ঘিরে ধরে নিজেদের অভিযোগ জানানোর চেষ্টা করেন অনেকে।
বেলা আড়াইটার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ কেন্দ্রীয় কার্যালয়ে গেলে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এ সময় পেছন থেকে কয়েকজন সালাহউদ্দিনকে উদ্দেশ করে ‘দালাল’ বলে চিৎকার করেন। বিকেলে দপ্তর থেকে বের হওয়ার পথে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও ঘিরে ধরেন পদবঞ্চিতরা। এ সময় পেছন থেকে কয়েকজন ‘দালাল দালাল’ বলে স্লোগান দেন।
বিকেলে নতুন কমিটির নেতারা নয়াপল্টনে আসবেন—এমন খবরে নয়াপল্টন এলাকায় লাঠি হাতে মহড়া দেন বিক্ষোভকারীরা। তবে শেষ পর্যন্ত নতুন কমিটির নেতারা আসেননি।
পদবঞ্চিতদের অভিযোগ, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দীন (টুকু) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ভুল বুঝিয়ে’ তাঁদের ‘পকেট কমিটি’ দিয়েছেন। তাঁরা এই দুই নেতার কুশপুত্তলিকায় আগুন দেন।
বিকেল পাঁচটার দিকে নয়াপল্টন এলাকা ত্যাগ করেন বিক্ষোভকারীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, তাঁদের দাবি, ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করে ‘যোগ্যদের’ নিয়ে একটি নতুন কমিটি করতে হবে। আজ সকাল ১০টা থেকে আবার নয়াপল্টনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।
গতকালের বিক্ষোভে পদবঞ্চিত নেতাদের মধ্যে আরও ছিলেন আবু সাঈদ, জাবেদ হাসান, তরুণ দে, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ, তরিকুল ইসলাম, রাকিবুল ইসলাম, আবদুল মুকিত প্রমুখ।
ফেরদৌস আহমেদ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, নতুন কমিটির সভাপতি তাঁদের চেয়ে বয়োজ্যেষ্ঠ। তাঁরা যে শিক্ষাবর্ষে (১৯৯৬-৯৭) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সে শিক্ষাবর্ষের একজনকে কমিটিতে রাখা হয়েছে। বাকিদের ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।
অবশ্য নতুন কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রথম আলোকে বলেন, যাঁরা বিক্ষোভ করছেন তাঁদের নিয়ে কীভাবে সমন্বয় করা যায়, তার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই পদ না পাওয়া নেতা-কর্মীদের একটি অংশ বিক্ষোভ করে আসছে।