ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা
জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজে ৬৬৮ সদস্যের বিশাল কমিটি দেওয়ার পরও পদবঞ্চিত নেতা-কর্মীদের নামে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে একটি পক্ষ। গতকাল বুধবার রাজধানীর নয়া পল্টনে সংগঠনটির অফিসকক্ষের মূল ফটকে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে কারা যেন এসে তালা লাগিয়ে দেয়। পরে তালা খোলা হয়েছে। তবে কারা এটা করেছে, তা তিনি বলতে পারেননি।
ছাত্রদলের একটি সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা কলেজে ৬৬৮ সদস্যের কমিটি করা হয়। কিন্তু এত বড় কমিটি ঘোষণার পরও কেউ কেউ ক্ষুব্ধ হন। পছন্দমতো বা কোনো ধরনের পদ না-পাওয়া প্রার্থীরা এতে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদেরই একটি অংশ কেন্দ্রীয় কার্যালয়ে তালা দিয়েছে।
ছাত্রদলের ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম প্রথম আলোকে বলেন, ‘ঢাকা কলেজের কেউ এতে জড়িত কি না, তা আমি জানি না। সেটা কেন্দ্রীয় নেতারা ভালো বলতে পারবেন।’