ছাত্রদলের নগর ও জেলা কমিটি বাতিলের দাবি বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ সেপ্টেম্বর সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কমিটি এবং নূরুল আলম সিদ্দিকীকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা পদবঞ্চিত হয়েছেন—এ অভিযোগ তুলে ওই দিন বিক্ষোভ হয়। ছাত্রদলের এই অংশটি বিদ্রোহী হিসেবে পরিচিতি পায়।
এ নিয়ে দুই পক্ষে একাধিকবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন শেষে গত বছরের ১৭ অক্টোবর নগরের চৌহাট্টা পয়েন্টে হয় সংঘর্ষ। এ ঘটনায় দুই পক্ষের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতা আর দেখা যায়নি। গত শুক্রবার কেন্দ্রঘোষিত নতুন কমিটির এক বছর পূর্তি হওয়ায় ফের বিদ্রোহীরা তৎপর হন। ওই দিন শাহি ঈদগাহে মিছিল করে শনিবার সংবাদ সম্মেলন করার ঘোষণা দেওয়া হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বেলা সাড়ে তিনটায় ছাত্রদলের বিদ্রোহী পক্ষ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও বিলুপ্ত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত এক বছরেও নতুন কমিটি সরকারবিরোধী আন্দোলনে কোনো ভূমিকা রাখতে পারেনি। উপরন্তু তারা বিগত এক বছর স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমও চালাতে পারেনি। দু-তিনটি উপজেলায় ‘পকেট কমিটি’ দিয়েছে। এ নিয়ে কোনো কোনো উপজেলায় তারা প্রতিরোধের মুখেও পড়ে।
লিখিত বক্তব্য শেষে পাঁচ দফা দাবিও উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারাবন্দী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ সব নেতা-কর্মীর মুক্তি, বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদলের নেতা ইফতেখার আহমদ দিনারসহ গুম হওয়া নেতাদের সন্ধান করা।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতা লোকমান আহমদ, আবদুল মজিদ, অর্জুন ঘোষ, এখলাছুর রহমান, নাজিম উদ্দিন, লিটন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন করে কমিটি বাতিল দাবি একধরনের সংগঠনবিরোধী কার্যকলাপ বলে মন্তব্য করেন জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটি দিয়েছে কেন্দ্র। তারা এ ধরনের দাবি সাংগঠনিক বিধি অনুসরণ করে সরাসরি কেন্দ্রকে জানাতে পারত।’