ছাত্রদলের নতুন কমিটির ২৫ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রদলের নতুন কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদে টাকার বিনিময়ে ঢাকার ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করায় ওই কমিটির ২৫ নেতা পদত্যাগ করেছেন। গত রোববার বিকেলে তাঁদের গণস্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতির শামীম মোল্লার কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রের একটি অনুলিপি কেন্দ্রীয় ছাত্রদল, জেলা বিএনপি, উপজেলা বিএনপির কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ অর্থের বিনিময়ে বিজয়নগর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করেছেন বলে পদত্যাগকারী ছাত্রনেতারা অভিযোগ করেন।
পদত্যাগকারী নেতা-কর্মীদের অভিযোগ, ২২ জুন বিজয়নগর উপজেলা ছাত্রদলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ৮ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পদে এলাকা থেকে বিচ্ছিন্ন ঢাকার ব্যবসায়ীদের নাম ঘোষণা করে জেলা কমিটি। অবশ্য জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন।
পদত্যাগকারী ব্যক্তিরা হলেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাঈদ খোকন, আবু তাহের ভূঁইয়া, কামরুল হাসান, কবির মোল্লা; সহ-যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম খাঁ, শরীফ দস্তগীর, মো. জুয়েল; সহসাংগঠনিক সম্পাদক হাসান মিয়া, রুবেল হোসেন, মিলন মৃধা, সাইফুল মিয়া; বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কিবরিয়া চৌধুরী; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোশাররফ হোসেন; ধর্মবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন; প্রচার সম্পাদক আবদুর রাজ্জাক; তথ্য ও গবেষণা সম্পাদক আপেল মাহমুদ; সহ-ক্রীড়া সম্পাদক হামিদ মিয়া; সহ-স্কুলবিষয়ক সম্পাদক বাবু চৌধুরী এবং সদস্য পারভেজ ফকির, শাহ আলম, তৌফিক ভূঁইয়া, মিন্টু মিয়া, তানজিল হোসেন, মো. সনেট ও জুয়েল মোল্লা।
পদত্যাগকারী নেতা কামরুল হাসান বলেন, ‘আমি দলের জন্য ২০১৪ সালে জেলহাজতে ছিলাম। এবার কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলাম। দুর্দিনে সব আন্দোলনের সময় দলের সঙ্গে থাকা তৃণমূল নেতাদের বাদ দিয়ে ৮ থেকে ১০ লাখ টাকার বিনিময়ে ঢাকায় বসে এই কমিটি গঠন করা হয়েছে।’ তিনি জানান, নবগঠিত কমিটির সভাপতি জাবেদ আহমেদের ঢাকার মৌচাকে একটি পোশাক কারখানা রয়েছে। সাধারণ সম্পাদক পদ পাওয়া মোর্শেদ কামালের ঢাকার পান্থপথে সুমাইয়া বিউটি পারলার এবং সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া রাকিব হাজারী ঢাকার উত্তরায় রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করে বলেন, তিনজনই ব্যবসার কাজে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন। এলাকার রাজনীতিতে খুব একটা সক্রিয়ও নন তাঁরা। মোর্শেদ কামালের বিউটি পারলারে কর্মরত এমদাদুল হককে অর্থবিষয়ক সম্পাদক ও জাকির হোসেনকে সাংস্কৃতিবিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছে।
পদত্যাগকারী নেতা আবু তাহের ভূঁইয়া অভিযোগ করেন, ৯১ সদস্যের ওই কমিটিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের স্বাক্ষর রয়েছে। তা ছাড়া বিদেশে থাকেন—এমন ১০ জনকে নবগঠিত ওই কমিটিতে বিভিন্ন পদ দেওয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি জাবেদ আহমেদ টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সপ্তাহে দু-তিন ঢাকায় অবস্থান করি। তবে আমি কোনো ব্যবসায়ী না।’ সাধারণ সম্পাদক মোর্শেদ কামালের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা বলেন, ‘আমার কাছে কেউ পদত্যাগপত্র নিয়ে আসেননি। কমিটির গুরুত্বপূর্ণ পদ নিয়ে কোনো অর্থ-বাণিজ্য হয়নি। আমরা শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছি। তাঁরা এলাকায় থাকেন এবং ব্যবসায়ী নন। যাঁরা এই অভিযোগ করছেন, তাঁদের কমিটিতে ভালো পদ দেওয়ার কথা আমরা বলেছি। কিন্তু প্রত্যাশিত পদ না পাওয়া তাঁরা এমন করছেন।’