ছাত্রদলের নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণদের চান খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নেতৃত্বে ভবিষ্যতে অপেক্ষাকৃত তরুণদের আনতে চান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তৃতীয় তথা শেষ দফা বৈঠকে তিনি এই মনোভাবের কথা জানান। এর আগের বৈঠকগুলোতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা একে একে বক্তব্য দিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, খালেদা জিয়া গতকাল রাতে ছাত্রদল নেতাদের উদ্দেশে প্রায় ৪০ মিনিট বক্তব্য দেন। সেখানে তিনি দলের ছাত্র সংগঠনে অপেক্ষকৃত তরুণদের আনার ওপর জোর দেন। সরকার-বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করার কথা বলেন বিএনপির চেয়ারপারসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি নতুন হবে বলে তিনি জানান। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটিগুলোতে শুধুমাত্র নিয়মিত ছাত্ররা থাকবেন বেগম জিয়া জানান।