ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত ও ‘বিদ্রোহী’ নেতা-কর্মীরা গতকাল বুধবারও রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বেলা সাড়েল তিনটা থেকে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় বিক্ষোভকারীরা ছাত্রদলের নতুন কমিটি ভেঙে দেওয়া, বিদ্রোহী নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিনকে ছাত্রদলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এসব দাবিতে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা বাড়িয়ে এক সপ্তাহ করার ঘোষণা দেন পদবঞ্চিতরা। এর আগে তাঁরা কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন।
গতকাল বিক্ষোভে ছাত্রদলের পদবঞ্চিত নেতা আনিসুর রহমান তালুকদার, তরিকুল ইসলাম, ফেরদৌস মুন্না, তরুণ দে, রাকিবুল ইসলাম, বতর্মান কমিটি থেকে বহিষ্কৃত নেতা রেজাওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ১৪ অক্টোবর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকে বিক্ষোভ করছেন পদবঞ্চিতরা। এ অংশটি ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরে তালা দেওয়া, কার্যালয়ে ভাঙচুর এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সহসম্পাদকের গাড়িতে হামলাও চালিয়েছিল।