ছাত্রদলের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের লাঠিপেটায় কমপক্ষে আটজন নেতা-কর্মী আহত হন। 

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় গত বুধবার খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এর প্রতিবাদে আজ সকালে জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা ছাত্রদলের আহ্বায়ক সজীব খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর আগে শহরের জিগাতলা থেকে একটি বিক্ষোভ মিছিল শফি মিয়ার বাজার এলাকার মোড়ে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় শহর ছাত্রদলের সদস্য মোবারক হোসেন ও রমজান আলী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ ও জামির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ হাছান এবং রিফাদ মিয়া নামে একজন আহত হন। এদের মধ্যে মোবারক হোসেন, রমজান আলী ও বিদ্যুৎ হাছানকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, মিছিলের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।