ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ, কুমিল্লায় পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের তিনটি পক্ষ আলাদাভাবে গতকাল রোববার সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কুমিল্লাতেও মহানগর ছাত্রদলের দুই পক্ষ আলাদা কর্মসূচি পালন করেছে। এদিকে জামালপুরে ছাত্রদল শোভাযাত্রা করেছে।
আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
সুনামগঞ্জ: বেলা সাড়ে ১১টায় পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে জেলা আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বাধীন অংশ। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাদীর আহমদ, এ টি এম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে পৌর শহরে শোভাযাত্রা করে আলফাত স্কয়ার এলাকায় পথসভা করে তারা।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল হকের নেতৃত্বাধীন অংশ শোভাযাত্রা বের করে পৌর শহরে কাজীর পয়েন্ট এলাকা থেকে। শেষে কাজীর পয়েন্ট এলাকায় পথসভা করে তারা।
একই সময়ে পৌর শহরের লন্ডন প্লাজা এলাকায় শোভাযাত্রা ও পথসভা করেন সংগঠনের জেলা কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক মইন খানের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা। শোভাযাত্রা শেষে লন্ডন প্লাজার সামনে পথসভা করেন তাঁরা।
কুমিল্লা: বেলা ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লার নেতৃত্বে নগরে শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর ও কুমিল্লা শহর ছাত্রদলের আহ্বায়ক রোমান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু নোমান চৌধুরী।
বিকেল চারটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারী আবুর নেতৃত্বে শ খানেক নেতা-কর্মী শোভাযাত্রা বের করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার।
জেলা ছাত্রদলের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ইউসুফ মোল্লা মহানগর ছাত্রদলের সভাপতি অথবা আহ্বায়ক পদপ্রত্যাশী। অন্যদিকে, উত্বাতুল বারী আবু মহানগর কমিটির সভাপতি পদে আমিরুল পাশা সিদ্দিকীর নাম প্রস্তাব করেন। এ নিয়ে জেলা ছাত্রদলে কয়েক মাস ধরে বিরোধ চলছে।
জামালপুরে শোভাযাত্রা
গত শনিবার রাত ১২টা ১ মিনিটে শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা হয়। জামালপুর জেলা ছাত্রদলের আয়োজনে গতকাল বেলা একটার দিকে শহরের জাহেদা সফির মহিলা কলেজ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বকুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
গতকাল সকাল ১০টার দিকে ওই কার্যালয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।