ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার নরসিংদী ও গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
গতকাল বেলা ১১টার দিকে নরসিংদী সরকারি কলেজ এলাকায় জেলা ছাত্রদল মিছিল বের করে। এতে জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি আহসান উল্লাহ, যুগ্ম সম্পাদক নূরে আলম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মুন্না, সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ।
নরসিংদী জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, অবরোধের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একই দাবিতে গতকাল বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদল নেতা মাসুদুল কবির মোনায়েমের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক, পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম, ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম ও সেলিম রেজা প্রমুখ।