ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিপেটা
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, মিছিল করে মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে ছাত্রদল। সে সময় দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদলের কর্মীদের হামলায় সাতজন পুলিশ আহত হয়েছে।
আজ সোমবার দুপুরে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভালুকা উপজেলা ছাত্রদল নেতা কায়ছার আহাম্মেদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বেলা ১১টার পর থেকে নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকে। পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল। উপজেলা ছাত্রদল নেতা কায়সার আহাম্মেদের নেতৃত্বে একটি বড় মিছিল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। পুলিশ সে সময় বাধা দেয়নি।
সূত্র বলছে, বেলা একটার পর আহসান ও আতিক মোল্লার নেতৃত্বে একটি মিছিল আসতে দেখেই পুলিশ মহাসড়কের ওপর তাদের কয়েকজনকে লাঠিপেটা করে। পরে দলীয় কার্যালয়ের সামনে থাকা নেতা-কর্মীদের পুলিশ ব্যাপক লাঠিপেটা করে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে বাধ্য করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। ওই সময় অসাবধানতাবশত কনস্টেবল রমিজের শটগান থেকে তারই পায়ে গুলি লাগলে তিনি আহত হন। তাঁকে প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লাঠিপেটার বিষয়টি অস্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) হযরত আলী প্রথম আলোকে বলেন, ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কোনো অনুমতি নেয়নি। তারা মিছিল করে মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সে সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ কাউকে মারেনি। বরং পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের ইটের টুকরো নিক্ষেপে সাতজন পুলিশ আহত হয়েছে।