ছাত্রদলের মিছিলে হামলা, ছাত্রলীগের দাবি গাড়ির হুইসেল শুনে ‘ছোটাছুটি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত ছাত্রদলের এক নেতা
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ১৯ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রদল।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ সার্জেন্ট রুমী ভবনের (বিএনসিসি কার্যালয়) সামনে ছাত্রদলের মিছিলে এই হামলার ঘটনা ঘটে। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে ক্যাম্পাসে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি অভিমুখে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিএনসিসি কার্যালয়ের সামনে পৌঁছালে ৪০-৫০টি বাইকে করে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী সেখানে গিয়ে মোটরসাইকেলের হুইসেল বাজাতে থাকেন। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সংগঠনের ঢাকা মহানগরসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ছাত্রদলের ওপর হামলায় অংশ নেন।

হামলায় আহত ছাত্রদলের এক নেতা
সংগৃহীত

একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে এ সময় বেদম মারধর করা হয়। এতে ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রদলের মিছিলের ব্যানারটিতে আগুন ধরিয়ে সেটি শামসুন নাহার হলের পাশে অবস্থিত মিশুক মুনীর চত্বরে ফেলে দেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমরা মগবাজারে দুস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে ক্যাম্পাস হয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স বা ভিআইপি গাড়ির হুইসেল শুনে ছাত্রদল নেতা-কর্মীদের ছোটাছুটি করতে দেখেছি। ছাত্রদল ছাত্রলীগের ওপর দোষ চাপাতে চাইছে। এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ কোনোভাবেই জড়িত নয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে ধাওয়া দেয় ছাত্রলীগের কর্মীরা
সংগৃহীত

এই ঘটনার পর বেলা একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম অভিযোগ করেন, ‘ছাত্রলীগ মোটরসাইকেল মহড়া দিয়ে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর বিনা কারণে হামলা করেছে। আমরা ছাত্রলীগের হামলা প্রতিরোধ করার চেষ্টা করেছি কিন্তু অস্ত্রের সামনে টিকতে পারিনি। আমরা কোনো সশস্ত্র সংগঠন নই। বারবার আমাদের ওপর হামলা করা হচ্ছে।’

রাকিবুল ইসলাম জানান, ছাত্রলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব আমানউল্লাহ আমানের একটি হাত ভেঙে গেছে। এ ছাড়া আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান, হাসান আল আরিফ, এ বি এম এজাজুল কবির, শরীফ প্রধান, এনামুল হক, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম, ফারহান আরিফ, নাসিরউদ্দিন শাওন, বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদলের এজিএস পদপ্রার্থী খোরশেদ আলম, হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি ওমর ফারুক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি মাসুম বিল্লাহ, সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল শাখার সহসভাপতি আলমগীর হোসেন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার জ্যেষ্ঠ সভাপতি অলি।

হামলার আগে ছাত্রদলের মিছিল
সংগৃহীত

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, এইচ এম আবু জাফর, সোহেল রানা, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।