ছাত্রদলের সঙ্গে ফের চার ঘণ্টার বৈঠক খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গতকাল রোববার রাতেও প্রায় দীর্ঘ চার ঘণ্টা মুলতবি বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠক শেষে খালেদা জিয়া ছাত্রদলের নেতাদের বলেছেন, বৈঠক আর মুলতবি রাখা হচ্ছে না। সময় পেলে হয়তো অন্যদের বক্তব্য শুনবেন। না হলে তিনি তাঁর ‘সিদ্ধান্ত’ জানিয়ে দেবেন। বৈঠকে থাকা একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বুধবার রাতে ছাত্রদলের সঙ্গে বৈঠক মুলতবি রাখা হয়। গতকাল রাত আটটার দিকে আবার খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মুলতবি বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে বেশির ভাগ নেতাই আত্মকেন্দ্রিক বক্তব্য দেন। কেউ কেউ বর্তমান কমিটির ব্যর্থতা, বিশৃঙ্খলার কথা বারবার তুলে ধরার চেষ্টা করেন। তাঁদের এ ধরনের বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বিরক্তি প্রকাশ করেন।

সূত্র জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রদলের নেতাদের বক্তব্য শুরু হয়। সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পর্যন্ত পদের ৩৯ জন নেতা তাঁদের বক্তব্য তুলে ধরেন।