ছাত্রনেতারা উড়োজাহাজে চলাফেরার কথা স্বপ্নেও ভাবতেন না: কাদের

ছাত্রনেতাদের উড়োজাহাজে চলাফেরার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আগে ঢাকার বাইরে যেতে বিমান ব্যবহারের কথা ছাত্রনেতারা স্বপ্নেও ভাবতেন না।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মাস্টারদা সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সম্প্রতি ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান হেলিকপ্টারে চড়ে ঈশ্বরদী গেলে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এর ব্যাপক সমালোচনা হয়।
ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যখন ছাত্ররাজনীতি করেছি, তখন কোথাও গেলে বাস-ট্রেনে করেই যেতাম। তখন ঢাকার বাইরের কোনো জেলায় যেতে বিমান ব্যবহারের কথা ছাত্রনেতারা স্বপ্নেও ভাবতেন না। আর এখনকার নেতা-কর্মীরা ঢাকার আশপাশের জেলাগুলোতে গেলেও প্লেনে করে যায়।’
শিক্ষকদের আত্মমর্যাদাবোধ হারিয়ে ছাত্রনেতাদের তোষামোদ না করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তারা (ছাত্রনেতা) এখন কথায় কথায় কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে। এটা তো শিক্ষা বিকাশের জন্য অনেক ক্ষতিকর। আপনারা শিক্ষকেরা একটু আপনাদের আত্মসম্মানের প্রতি নজর দিন। এটা না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে।’
রাজনীতি থেকে সৌজন্যবোধ হারিয়ে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েও ভাবতে হয়, এখানে যে এলাম এর জন্য দলের কোনো সমস্যা হবে না তো? এটা তো রাজনীতি নয়। দুর্ভাগ্য হলো, এখন সব ক্ষেত্রেই রাজনীতির প্রচলন শুরু হয়ে গেছে।’
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যদি কোনো কারণে নির্বাচনে হেরেও যান, তবু তিনি জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করবেন না। তবে কালোটাকার ব্যবহার নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের সামনে বড় ও কঠিন চ্যালেঞ্জ হবে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যাঁরা সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিষাক্ত আলিঙ্গনে আবদ্ধ হয়েছেন, তাঁরা নিজেদের ভবিষ্যৎকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছেন। ব্যক্তি আর দলকে ঠেকাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না। দল-মতনির্বিশেষে অভিন্ন শত্রুকে মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে।
সূর্য সেন হলের প্রাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সূর্য সেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাদের নয়, জনগণেক খুশি করুন
গাজীপুর প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বিকেলে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তিনি নিজ দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘যাদের জন্য রাজনীতি করেন, তাদের খুশি করুন। ভোটারদের খুশি করতে হবে। ভোটার যদি আপনাকে চায়, তাহলে আপনাকে অগ্রাহ্য করা যাবে না।’
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন এলাকার ৩০০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও ১০০ ল্যাপটপ প্রদান করা হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবর রহমান প্রমুখ।