জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন দেওয়া হচ্ছে না। ছাত্ররা ভালো রাজনীতি চর্চার সুযোগ পাচ্ছে না। ছাত্ররাজনীতি এখন ছাত্রদের হাতে নেই।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় জেএসডির বাংলাদেশ ছাত্রলীগের রামগতি উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরাও ছাত্র ছিলাম, রাজনীতি করেছি। প্রকৃত ছাত্ররাই তখন রাজনীতি করেছে।’
আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে আ স ম আবদুর রব বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে সন্ত্রাসী ও জঙ্গিবাদীরা সুযোগ নিচ্ছে।
জেএসডির বাংলাদেশ ছাত্রলীগের রামগতি শাখার আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তানিয়া রব, লক্ষ্মীপুর জেলা জেএসডির সভাপতি মুনছুরুল হক, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন জেএসডির রামগতি উপজেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন প্রমুখ।