ছাত্রলীগ একটি পবিত্র সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন নিয়ে আপাতত সংলাপের কোনো সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেছেন, ‘আমি সংলাপের কোনো সম্ভাবনা দেখি না। সংলাপ হবে নির্বাচনের আগে। সেদিক থেকে ২০১৯ সালের জানুয়ারিতে যে নির্বাচন হবে, তার ৯০ দিন আগে সংলাপ নিয়ে ভাবা যেতে পারে।’
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় মন্ত্রীর দুই পাশে ছিলেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
এ সময় একসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা তোফায়েল আহমেদ ছাত্রলীগকে পবিত্র সংগঠন বলে উল্লেখ করে বলেন, ‘যে কেউ কোনো অপরাধ করলে তার কলঙ্ক গিয়ে পড়ে ছাত্রলীগের ওপর। ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আবার নির্বাচিত নেতারা যদি নেতৃত্ব দিতে পারত, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা হতো না। ডাকসুর নির্বাচন হয় না, ছাত্র সংসদের নির্বাচন হয় না। এসব নির্বাচন হলে নতুন নেতৃত্বও উঠে আসত।’
মধ্যবর্তী নির্বাচন-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আমি কোনো সম্ভাবনা দেখি না। এমন কোনো কারণ ঘটেনি যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।’
বিএনপির উচিত হবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া—এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিএনপির ধৈর্য ধারণ করা ছাড়া কোনো বিকল্প নেই।
বিএনপিকে নিষ্ক্রিয় দল উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘সারা দেশে যান, দেখবেন তারা নিষ্ক্রিয়। তাদের কর্মসূচি পালিত হয় না।’
৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে কোনো সহিংসতা হবে কি না এবং সরকার তা কীভাবে মোকাবিলা করবে—জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে। রাজপথেও থাকবে। রাজপথে যদি কেউ আইন হাতে তুলে না নেয়, তাহলে তা ঠিক আছে। কিন্তু কেউ যদি আইন ভঙ্গ করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, ‘৫ তারিখে বিএনপি তেমন কিছু করতে পারবে বলে আমার মনে হয় না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাত দফা সরকার কীভাবে দেখছে—জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘তাঁদের যে দাবি, তত্ত্বাবধায়ক সরকার তো আর ফিরে আসবে না। সংলাপের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, নির্বাচন কমিশন কিংবা আরপিও সংশোধন নিয়ে আলোচনা হতে পারে।’