ছাত্রলীগ ও বাসশ্রমিকদের সংঘর্ষে আহত ১৫, বাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পানি ছিটকে ছাত্রলীগের নেতার শরীরে লাগাকে কেন্দ্র করে গতকাল সোমবার ভোলার চরফ্যাশন উপজেলা বাসস্ট্যান্ডে বাসশ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে ছাত্ররা ২০টি বাস ভাঙচুর করেন।
ওই ঘটনার বিচারের দাবিতে ভোলা বাস মালিক সমিতি ভোলা-চরফ্যাশন পথে বাস চলাচল বন্ধ করে রেখেছে। ঘটনাটি মীমাংসার জন্য রাতে আওয়ামী লীগের নেতারা উভয় পক্ষকে বৈঠক ডেকেছেন। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, বাস মালিক সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে বাস মালিক সমিতির একটি বাসের চালক সবুর মিয়া চরফ্যাশনের ল্যাতরা থেকে বাস নিয়ে উপজেলা সদরের শরীফপাড়া বাসস্ট্যান্ডে আসছিলেন। এ সময় ভাঙা সড়কের গর্তের পানি ছিটকে চরফ্যাশন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. শিপনের গায়ে লাগে। এতে তাঁর জামা-কাপড় নষ্ট হয়ে যায়। এ কারণে তিনি সবুরকে জুতা দিয়ে মারধর করেন। এতে বাসশ্রমিকেরা খেপে গিয়ে শিপনকে বেঁধে রাখেন। খবর পেয়ে ছাত্রলীগের কয়েক শ কর্মী ও শিক্ষার্থী বাসস্ট্যান্ডে এসে শ্রমিকদের ওপর চড়াও হন। একপর্যায়ে শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্ররা লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে ২০টি বাস ভাঙচুর করেন। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। বেলা দুইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম ও যুগ্ম সম্পাদক মনিরুদ্দিন চাষী বলেন, ছাত্ররা হামলা চালিয়ে তাঁদের ২০টি বাস ভাঙচুর করেছেন। হামলার সময় পুলিশ নীরব ছিল। ছাত্ররা সবুজ, রাহাত, তানজিল, শিপনসহ ১০ জন বাসশ্রমিককে পিটিয়ে জখম করেছেন। চরফ্যাশনে ছাত্ররা কথায় কথায় বাস ভাঙচুর করেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সুষ্ঠু সমাধান হয়নি। এ জন্য তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিচার না হলে তাঁরা বাস চালাবেন না।
চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ বলেন, মীমাংসার জন্য উভয় পক্ষকে ডাকা হয়েছে।