ছাত্রলীগ কর্মীদের সততা অর্জন করতে বললেন কাদের
ছাত্রলীগের নেতা-কর্মীদের সততা অর্জন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, রাজনীতিতে ভালো ছেলেমেয়েদের আসতে হবে। মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। তা না হলে মেধাহীনেরা মঞ্চ দখল করে নেবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর আজিমপুরে ছাত্রলীগের গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখার প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘টাকা বড় সম্পদ নয়, বড় সম্পদ হলো লেখাপড়া করা। সততা অর্জন করতে হবে। স্বপ্ন দেখতে হবে, শেখ হাসিনার মতো নেত্রী হব। মানুষ যদি সংকল্পবদ্ধ থাকে, তাহলে সবকিছু করতে পারে।’
কাদের বলেন, ‘এইচএসসির পর অনেকে ভাবেন, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু কেউ বলেন না আমি রাজনীতিবিদ হব। রাজনীতিবিদ কেন হতে চান না? রাজনীতিতে যদি ভালো ছেলেমেয়েরা না আসে, তাহলে খারাপ লোকেরা এমপি হবেন, মন্ত্রী হবেন। এঁরাই দেশ চালাবেন, ক্ষমতায় আসবেন। এ জন্য মেধাবীদের রাজনীতিতে আসতে হবে।’ তিনি বলেন, ‘রাজনীতিকে ঘৃণা করলে নিজের ক্ষতি হবে। একপর্যায়ে যখন দেশ খারাপের দিকে যাবে, তখন বলবেন এ দেশে আর থাকা যায় না, অন্য দেশে চলে যাব। কাজেই এ দেশকে ঠিক করতে হবে।’
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ইনস্টিটিউট করা প্রসঙ্গে ওবায়দুল কাদের ‘শিক্ষামন্ত্রীকে জোর দিয়ে বলবেন’ উল্লেখ করে বলেন, ‘এ জন্য শর্ত একটাই, রাস্তায় মানুষ আটকাবেন না। প্রয়োজনে আমার গাড়ি আটকাবেন। কিন্তু জনগণকে দুর্ভোগ দেবেন না।’
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি ফারজানা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিশাত পারভীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।