অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রলীগের কর্মীদের ‘রাবিশ-খবিশ’ বলে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘গুটিকয় কর্মীর কারণে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান হতে দেওয়া চলে না। অর্থমন্ত্রী ওই এলাকার সাংসদ। উনাকে বলব, আর কিছু পারেন আর না পারেন, অন্তত সেখানে গিয়ে একবার রাবিশ-খবিশ বলে আসেন।’ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্দেশ করে বলেন, ‘২০১২ সালে ছাত্রলীগ যখন সিলেটের এমসি কলেজের হোস্টেল পুড়িয়ে দিল, তখন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী দুজনই গিয়েছিলেন। তখন শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে কেঁদেছিলেন। আমি এবারও শিক্ষামন্ত্রীকে বলব, আর কিছু পারেন আর না পারেন, অন্তত একবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে কাঁদেন।’ তিনি বলেন, ‘সময় চলে যাচ্ছে, এখনই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগকে আবার নীতি ও আদর্শের পথে নিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কষ্ট করে যা কিছু অর্জন করছেন, তা কয়েকজনের কারণে ম্লান হয়ে যাচ্ছে।’ সোনা চোরাচালানে জড়িত বিমান কর্মকর্তাদের শনাক্ত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করার দাবি জানান সুরঞ্জিত। বিমানমন্ত্রী (রাশেদ খান মেনন) ও বিমানের চেয়ারম্যানের (জামাল উদ্দিন আহমেদ) সমালোচনা করে তিনি বলেন, ‘আশা করি বিমানমন্ত্রী ও বিমানের চেয়ারম্যান অন্তত বলবেন এ বিষয়ে তারা কী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।’ আইন মন্ত্রণালয়কেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।