ছাত্রলীগ কোথায় হামলা করেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছাত্রলীগ কোথায় হামলা করেছে? তারাই (বিএনপি) তো একটি পরিস্থিতি সৃষ্টি করে সাংসদকে হত্যা করতে চেয়েছিল। একটি পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে। আদালতের মতো নিরাপদ স্থানে হাজার হাজার নেতা-কর্মী আসার উদ্দেশ্য ছিল বিচারকাজ ভন্ডুল করা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেত্রকোনা-১ আসনের আওয়ামী লীগের সাংসদ ছবি বিশ্বাসকে গতকাল দেখতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে হামলা হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে আসা খবর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা বক্তব্য জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার দিন থাকায় বুধবার বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সরকার–সমর্থকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে সাংসদ ছবি বিশ্বাসের ওপর হামলা হয়। সাংসদ কানে আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বকশীবাজারে বিএনপিই অরাজকতা করেছে। আর এর উদ্দেশ্য ছিল ছবি বিশ্বাসকে হত্যা করা। হাসপাতালের মতো নিরাপদ স্থানেও সাংসদদের মধ্যে অত্যন্ত ভদ্র হিসেবে পরিচিত ছবি বিশ্বাসকে হত্যার উদ্দশ্যে হামলা চালানো হয়। তাদের (বিএনপি) অভ্যাস এমনই।