ছাত্রলীগ চার ভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগে থেকেই বিভক্ত ছিল। সর্বশেষ পৌরসভা নির্বাচনের সময় দুটি পক্ষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। তবে ৪ জানুয়ারি সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চারটি পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন হয় ২০১০ সালের ১৩ অক্টোবর। কেন্দ্র থেকে তখন ফজলে রাব্বী ওরফে সরণকে সভাপতি ও রফিক আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এরপর এই দুই নেতার পক্ষ হয়ে বিভক্ত হয়ে পড়ে জেলা ছাত্রলীগ। সংগঠনের কর্মসূচিও পৃথকভাবে পালন করে তারা। ২০১৩ সালের ১ এপ্রিল কেন্দ্র থেকে আবার ফজলে রাব্বীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক রেখেই ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়। এরপরও বিভক্তি থেকে যায়। এই দুই বলয়ের বাইরে কিছু নেতা-কর্মী এক বছর ধরে পুরোনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন।
দলের নেতা-কর্মীরা বলেন, জেলা ছাত্রলীগের সম্মেলন করার জন্য কেন্দ্রের নির্দেশনা আছে। এ কারণে পদপ্রত্যাশীরা নানাভাবে নিজেদের তৎপরতা দেখানোর চেষ্টা করছেন। সুনামগঞ্জে ৪ জানুয়ারি সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার পক্ষের নেতা-কর্মীরা শহরে পৃথক মিছিল ও সমাবেশ করেছেন। ফজলে রাব্বীর নেতৃত্বে মিছিল বের হয় শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন তাঁরা। রফিক আহমদের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশ হয় পৌরভবন চত্বরে। এই দুই পক্ষের মিছিল পৌর ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর বাইরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহসান ওরফে শিহাব নেতা-কর্মীদের নিয়ে উকিলপাড়া এলাকায় মিছিল ও সভা করেন। সংগঠনের নেতা দেওয়ান জিসান রাজা চৌধুরী ও দীপঙ্কর কান্তি দে নেতা-কর্মীদের নিয়ে মিছিলের পর সমাবেশ করেন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে।
দেওয়ান জিসান রাজা চৌধুরী বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কোনো কর্মসূচিতে আমাদের ডাকেন না। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতেও আমাদের ডাকা হয়নি। তাই আমরা পৃথকভাবে কর্মসূচি পালন করেছি।’
আবুল আহসান বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক নিজেরাই ঐক্যবদ্ধ হতে পারেননি। তাঁরা সব কর্মসূচি পৃথকভাবে পালন করেন। মাঝখানে কিছুদিন একত্রে ছিলেন। এখন আবার আলাদা হয়ে গেছেন। জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিই এর জন্য দায়ী। নতুন কমিটি না হলে এ সমস্যার সমাধান হবে না।
রফিক আহমদ চৌধুরী বলেন, প্রতিটি কর্মসূচিতেই সব নেতা-কর্মীকে ডাকা হয়। কেউ কেউ ইচ্ছে করেই দূরে থাকার চেষ্টা করেন, তাঁরা পদের জন্য রাজনীতি করেন। সভাপতি-সম্পাদকের পৃথক কর্মসূচি পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘নেতা-কর্মীদের চাঙা করতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পৃথকভাবে পালন করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’
ফজলে রাব্বী দাবি করেন, কোনো বিভক্তি নেই। একসঙ্গেই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা ছিল। কিন্তু সময়ের একটু ব্যবধান হওয়ায় আগে-পরে কর্মসূচি পালিত হয়েছে।