ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি বিক্ষোভ
রাজশাহীতে ছাত্রলীগ ও ছাত্রদল গতকাল রোববার পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে। এতে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহানগর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে, তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর ছাত্রদল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে তাঁরা সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে তারেক জিয়ার কুশপত্তলিকা দাহ করেন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা তারেক জিয়াকে ইতিহাস বিকৃতিকারী হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহের পরপরই তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী কলেজ থেকে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। মিছিল নিয়ে সাহেববাজার জিরো পয়েন্ট অতিক্রম করার সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।