সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক গোলাম রহমান চৌধুরী ওরফে রাজনের ওপর হামলাকারী ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
গতকাল শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রলীগের সহসভাপতি সুহেল আহমদ মুন্নার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খানের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগ নেতা রায়হান চৌধুরী, জেলা প্রজন্ম লীগের সভাপতি দেওয়ান মুরাদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তারেক আহমদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি মামুন উদ্দিন, হারুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ প্রমুখ বক্তব্য দেন।
রায়হান চৌধুরী বলেন, ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতায় একটি ষড়যন্ত্রকারী মহল লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজনের ওপর হামলা হয়েছে। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী। তাই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীরা এককাট্টা।